“এ সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা কষ্ট বোঝে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে জনসভায় মির্জা ফখরুল বলেন, গণভোট নির্বাচনের দিন হবে, জনগণ ভোটের মাধ্যমে পরিবর্তন আনবে।

Posted by:

on

ঠাকুরগাঁও, রোববার (১০ নভেম্বর ২০২৫) │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ-কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা হবে এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে।

রোববার দুপুরে মির্জা আলমগীর তার নির্বাচনী জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন,

“দেশে যত সংকট দেখছেন সবই সাজানো নাটক। জনগণ এসব বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। গণভোট-সনদ কি? এসব জনগণ বোঝে না। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হব না, তা সংসদে গিয়ে পাস হবে।”

তিনি আরও বলেন,

“৭১ সালের গণহত্যা ঘটেছিল, ২০২৪ সালেরও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো, সেসময় পশ্চিম পাকিস্তানীরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে, আর এবার আমাদের দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালাচ্ছে।”

নিজের শেষ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন,

“জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। বিগত সময়ে আমরা কি করেছি আর তারা কি করেছে, তা বিবেচনা করে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে ভোট দিন। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় আমার শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।”

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।