স্টাফ রিপোর্টার |১০ নভেম্বর ২০২৫|নিউজ চ্যানেল বিডি |
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর সম্পূর্ণ অর্থায়ন হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
চলতি অর্থবছর (২০২৫-২৬)-এর পঞ্চম একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন, ২টি সংশোধিত, এবং ২টি প্রকল্পে ব্যয় বৃদ্ধি ছাড়া সময় বৃদ্ধি করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সেলেহউদ্দিন আহমেদ, আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
অনুমোদিত ১২টি প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়:
১. মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন – ৪৫০ কোটি টাকা
২. সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন – ১,৯৩০ কোটি টাকা
কৃষি মন্ত্রণালয়:
৩. কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকায় ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন – ১৬৪.৯৪ কোটি টাকা
শিক্ষা মন্ত্রণালয়:
৪. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন – ৫৬৭.২৯ কোটি টাকা
৫. চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত) – অতিরিক্ত ৩৯৪.৮৪ কোটি টাকা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়:
৬. সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মাণ (তৃতীয় পর্যায়, প্রথম সংশোধিত)
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়:
৭. অত্যাবশ্যকীয় পারিবারিক পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য কর্মসূচি (প্রথম সংশোধিত)
৮. স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও নার্সিং কার্যক্রমে সমন্বিত উন্নয়ন – ২১১.৯০ কোটি টাকা
৯. অসমাপ্ত স্বাস্থ্যখাত কার্যক্রম বাস্তবায়ন – ১,৫৪৬.৪৫ কোটি টাকা
প্রতিরক্ষা মন্ত্রণালয়:
১০. ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অফিসারদের বাসস্থান নির্মাণ – ১৭৭.৮০ কোটি টাকা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়:
১১. নড়াইল-কালিয়া মহাসড়কের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত, চতুর্থবার সময় বৃদ্ধি)
শিল্প মন্ত্রণালয়:
১২. বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (তৃতীয় সংশোধিত) – অতিরিক্ত ৩৯.৪৩ কোটি টাকা
সভায় পরিকল্পনা উপদেষ্টা পূর্বে অনুমোদিত ৯টি প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও অবহিত করেন।





