স্টাফ রিপোর্টার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , নিউজ চ্যানেল বিডি
আগামীকাল অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় সেখানে ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার ছাত্রসমাজ ১৪৪ ধারা ভেঙে রাজপথে নামে। আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিতে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা হয়ে ওঠে।
ইউনেস্কোর স্বীকৃতির পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপীও দিনটি পালন করা হচ্ছে। বাঙালি জাতির কাছে একুশে ফেব্রুয়ারি যেমন শোকের, তেমনি ভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের গৌরবময় স্মারক।
একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দিবসটি উপলক্ষে গণমাধ্যমগুলোতে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা।





