অসহায় প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ১৬ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই গ্রামের অসহায় প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে—পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের একটি বিদ্যুৎবিহীন জরাজীর্ণ ঘরে বসবাস করছেন আব্দুল গণি জমাদ্দার (৭০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৫০)। কর্মহীন, অসুস্থ এবং ভরণপোষণের কেউ না থাকায় দীর্ঘদিন ধরে অনাহার–অর্ধাহারে মানবেতর জীবনযাপন করে আসছেন তারা। বিষয়টি জাতীয় আলোচনায় এলে তা তারেক রহমানের নজরে আসে।

অসহায় এই দম্পতির অবস্থার কথা জেনে তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন-কে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১০টায় (১৬ নভেম্বর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল প্রবীণ দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে।

মানবিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রবীণ দম্পতির হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, যিনি অসহায় দম্পতির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক যুবদল নেতা তৌফিক আলি খান কবির, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।