সিলেট, ১৯ অক্টোবর, ২০২৫ (নিউজ চ্যানেল বিডি):
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
রবিবার সকালে সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, “আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। স্থগিত দল হওয়া মানে তাদের যাবতীয় কার্যক্রমও স্থগিত। তাই আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না।”
এর আগে তিনি জেলা পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে না বলে আশা প্রকাশ করেন।
নির্বাচন কমিশনার বলেন, “অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শেষে তিনি যোগ করেন, “বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।”





