আগামীকাল শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’

রাজধানীর ভূমি ভবনে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার রাজধানীর ভূমি ভবন-এ ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করবেন।

সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি জানান, ১৯ মে থেকে সারা দেশে তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে এবং আগামী ২১ মে পর্যন্ত চলবে। ঢাকায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে মেলা শুরু হবে।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করবেন। এ সময় তিনি কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখবেন।

ভূমিমন্ত্রী বলেন, অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সেবা এখন অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। মেলার মূল লক্ষ্য হচ্ছে নাগরিকদের আধুনিক ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান নিশ্চিত করা।

তিনি আরও জানান, ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়াই এ মেলার প্রধান উদ্দেশ্য।

মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। পাশাপাশি ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগও থাকবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভূমি সেবা সংক্রান্ত অভিযোগের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হবে। এছাড়া ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেটও বিতরণ করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল জরিপ, ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের পরিকল্পনাও রয়েছে। উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয় করে একক ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে নাগরিকদের ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যার পরামর্শ প্রদান করা হবে। জেলা প্রশাসনের স্টল, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলো থেকেও সরাসরি সেবা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) নাসরিন জাহান।