জনগণই সব ক্ষমতার উৎস: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দলগুলোকে জনগণের কাছে যাওয়ার আহ্বান, অরাজক পরিস্থিতির সতর্কবার্তা
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে বাইরে রেখে বা তাদের কাছে না গিয়ে শুধু নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে গেলে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর এই পরিস্থিতি দেশের জন্য যেমন অনাকাঙ্ক্ষিত, তেমনি জনগণের কাছেও অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, “যদি রাজনৈতিক দলগুলো কেবল নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং জনগণের কাছে না যায়, তবে এমন এক অবস্থার উদ্ভব হতে পারে যেখানে পলাতক স্বৈরাচারীর ফিরে আসার সুযোগ তৈরি হবে। এটি দেশ ও জনগণের কারও জন্যই কাম্য নয়।”
নিজ দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। তাই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো তাদের নীতি, লক্ষ্য, আদর্শ ও পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা। এরপর জনগণই ঠিক করবে, আগামী দিনে দেশ ও জনগণকে কে নেতৃত্ব দেবে। যাদের চিন্তাভাবনা ও কর্মপরিকল্পনা জনগণ পছন্দ করবে, তারাই নেতৃত্বে আসবে।”
ঠাকুরগাঁওয়ে এক কর্মী সম্মেলনে অংশ নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সব কথা বলেন।





