স্টাফ রিপোর্টার, ২৪/১১/২০২৫, নিউজ চ্যানেল বিডি।
মহানগরীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেট এলাকায় বিশেষ অভিযানে ১৪,০০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক ড. মোঃ আবু সাঈদ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং রমনা সার্কেলের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একটি টিম সোমবার ভোরে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে।
ভোর ৫টা ৩০ মিনিটে আসাদগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে বাসটিকে থামানোর পর রেইডিং টিম বাসে প্রবেশ করে। এ সময় B-3 ও B-4 সিটে বসা দুই ব্যক্তির কাছ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ পারভেজ মোশারফ (২৩), পিতা— মৃত রহমত আলী, থানা— পেকুয়া, জেলা— কক্সবাজার।
মোঃ মেজবাহ উদ্দিন (২১), পিতা— মোঃ সৈয়দ নুর, থানা— পেকুয়া, জেলা— কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
জব্দকৃত আলামত—
১) মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা: ১৪,০০০ পিস
২) মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোন: ২টি
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।





