ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

সকালেই দফতরে উপস্থিত হয়ে কুশল বিনিময়, শুরু করেন দাফতরিক কার্যক্রম; আইএমএফ প্রতিনিধির সঙ্গে বৈঠক


স্টাফ রিপোর্টার | ২৪ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সকালে সচিবালয়ে দফতরে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা দেন।

সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি তার দাফতরিক কার্যক্রম শুরু করেন।

এসময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।