স্টাফ রিপোর্টার, ০৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে। ‘অটোপাশ’-এর আর কোনো সুযোগ রাখা হবে না। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মন্ত্রী পরীক্ষায় অনিয়ম প্রতিরোধে শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করে বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ বডি সার্চ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায় নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র সংক্রান্ত গুজব বা কনটেন্ট ছড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রকৃত মেধা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলন বন্ধ করতে হবে। সঠিক মূল্যায়নের মাধ্যমেই ফল নির্ধারণ করতে হবে।
নকলবিরোধী জনসচেতনতা তৈরিতে দেশব্যাপী জেলা পর্যায়ে মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া দেশের শিক্ষা কাঠামো শক্তিশালী করতে যেসব জেলায় বর্তমানে জিলা স্কুল নেই, সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এসব প্রতিষ্ঠান প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পরিচালিত হবে।
সভায় এসএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা পুনরায় তদন্ত করে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা পরীক্ষা আয়োজনের বর্তমান অগ্রগতি তুলে ধরেন।





