খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

পানছড়ির গহীন জঙ্গলে অভিযান, ইউপিডিএফ কমান্ডার সুমেন চাকমা পলাতক

Posted by:

on

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (সোমবার): পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনা অভিযানে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। অভিযান থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ ভোর আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালায়। সেনা উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সদস্যদের ব্যবহৃত ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে বলে জানা গেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর পর্যালোচনায় দেখা যাচ্ছে, সংগঠনটি পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে নারী ও কোমলমতি শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে বাধ্য করছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পলাতক ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।