দিনাজপুর, ১১ নভেম্বর ২০২৫ঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার নিয়ে যারা খেলাধুলা করতে চায়, তাদের উদ্দেশে বলছি—গণতন্ত্র নিয়ে দয়া করে খেলাধুলা করবেন না। জনগণের বাধার মুখে কোনো ষড়যন্ত্র টিকবে না। শেষ বিচারে জনগণই জয়যুক্ত হবে এবং জনগণের রায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, “আজকে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। জনগণের ভোটের অধিকারকে সীমাবদ্ধ করতে চাচ্ছেন। কেউ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কথা বলছে—এটি এমন একটি ব্যবস্থা যেখানে ভোটার বুঝতেই পারবে না তার প্রার্থী কে। অথচ সরাসরি ভোট পদ্ধতিতে ভোটার তার প্রার্থীকে দেখতে পারে, কথা বলতে পারে, তার সমস্যার কথা জানাতে পারে।”
তিনি আরও বলেন, “যারা পিআর পদ্ধতির কথা বলে, তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। দয়া করে জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে খেলাধুলা করবেন না। জনগণের বাধার মুখে কোনো ষড়যন্ত্র টিকবে না।”
ডা. জাহিদ বলেন, “এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পাবে।”
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করছে, গুজব ছড়াচ্ছে। স্বৈরাচাররা আবারও পুনর্বাসনের চেষ্টা করছে। তাই বিভাজন সৃষ্টি না করে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যেতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।”
পথসভায় নবাবগঞ্জ উপজেলার বিএনপি, মাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





