ঢাকা, ১১ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে আজ দুপুর বারোটায় দলের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতীয় স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এতে মূল বক্তব্য প্রদান করেন। প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
বিএনপি নেতারা জানান, দেশের মানুষকে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তারা বলেন,
“রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছরব্যাপী আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্টসহ ঐকমত্যে ‘জুলাই জাতীয় সনদ’ রচিত হয়, যা গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে। সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ।”
ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা জুলাই সনদের বাইরে গিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, যা ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল।
তিনি বলেন,
“জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়গুলোর বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।”
সংবাদ সম্মেলনের শেষে বিএনপি নেতারা সরকারের প্রতি সতর্ক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“আমাদের আজকের এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”





