জ্বালানি তেলের সংকট: পেট্রোল পাম্পে গ্রাহকদের সঙ্গে কথা বললেন ইকবাল হাসান মাহমুদ টুকু

আতঙ্কিত না হয়ে সীমিতভাবে জ্বালানি নেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, ৬ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জ্বালানি তেলের সংকট নিয়ে সংবাদ প্রচারের পর পেট্রোল পাম্প পরিদর্শনে গিয়ে সাধারণ গ্রাহকদের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি গ্রাহকদের অস্থির না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার আহ্বান জানান।

পাম্পে উপস্থিত গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, অস্থির হয়ে একসঙ্গে বেশি তেল নিয়ে ফেললে দ্রুত সংকট তৈরি হবে। এতে পরে অনেকেই জ্বালানি পাবেন না। তাই সবাইকে ধৈর্য ধরে সীমিত পরিমাণে তেল নেওয়ার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেল রয়েছে, তবে পরিস্থিতি বিবেচনায় সবার জন্য সমানভাবে সরবরাহ নিশ্চিত করতে সীমিতভাবে বিতরণ করা হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি পরিবারের কাছে যদি এক মন চাল থাকে এবং সেটি একবারে খেয়ে ফেলা হয়, তাহলে পরে সংকট দেখা দেবে। তাই সবাইকে বুঝে ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, পাম্পগুলোতে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে যাতে একবারে ট্যাংক খালি হয়ে না যায় এবং সবাই কিছুটা হলেও জ্বালানি পায়। অতিরিক্ত ভিড় বা লাইন না করে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার জন্যও অনুরোধ জানান তিনি।

এ সময় পাম্প মালিক ও কর্মচারীদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তারা জানান, নির্ধারিত সময়ে নতুন চালান আসলে আবার স্বাভাবিকভাবে তেল সরবরাহ শুরু হবে।