ঢাকায় ৫৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার

মিরপুর, পল্লবী, উত্তরা ও টঙ্গীতে ধারাবাহিক অভিযানে উদ্ধার ইয়াবা ও একটি প্রাইভেট কার


স্টাফ রিপোর্টার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।


ঢাকা মহানগরীতে অভিযান চালিয়ে ৫৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে । অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় জানায়, দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল ঢাকা মহানগরের মিরপুর, পল্লবী, ডিওএইচএস, উত্তরা ও টঙ্গী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে।

অভিযানের শুরুতে পল্লবী থানাধীন মিরপুর-১২ ডিওএইচএস রোড নম্বর-১০, এভিনিউ-৩ এলাকায় একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ডে বিশেষ কৌশলে লুকানো টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৬ হাজার পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. রাজু মোল্লা (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদ, জব্দকৃত মোবাইল ফোন বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় তার সহযোগী মো. সুমন মিয়াকে তুরাগ থানার সেক্টর-১৮ এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে রাজু মোল্লার ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫০০ পিস ইয়াবাসহ তার স্ত্রী সানজিদা আখতার (২৮) কে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ হাজার পিস ইয়াবাসহ জোৎস্না আখতার (৩০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ৫৭ হাজার ৫০০ পিস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পল্লবী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।