স্টাফ রিপোর্টার, ০১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তারেক রহমান এখনও ভোটার নন। তিনি বলেন, “আমার জানামতে, তারেক রহমান ভোটার হননি এখনও। তার ভোটার হওয়া বা প্রার্থিতা নিয়ে কমিশন সিদ্ধান্ত দিতে পারবে।”
তিনি আরও জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্তির সুযোগ দিতে পারে।
নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি সাংবাদিকদের জানান।
সম্প্রতি বিএনপি সূত্রের বরাতে গণমাধ্যমে বলা হয়েছে, চলতি মাসের মধ্যভাগে দেশে ফিরবেন তারেক রহমান এবং দেশে ফিরে ভোটার হবেন। ইসি জানায়, বয়সসীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে তারা যে কোনো সময় আবেদন করে ভোটার হতে পারেন। তবে যারা নতুন ভোটার হওয়ার সময়সীমা (৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর) অতিক্রম করেছেন, তারা এখন আর অন্তর্ভুক্ত হতে পারবেন না।
যেহেতু তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন, তাই মনোনয়ন জমা দেওয়ার আগেই তার ভোটার হওয়া বাধ্যতামূলক।
২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুতের সময় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছিলেন। সম্প্রতি দেশে ফিরে জোবাইদা রহমান ভোটার হয়েছেন, তবে তারেক রহমান এখনও আবেদন করেননি। দেশে ফিরেই স্বাক্ষর, ১০ আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে তিনি ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।





