তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র প্রদানে প্রয়োজনীয়…

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র প্রদানে প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিরে আসার বিষয়টি তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখব।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

তৌহিদ হোসেন আরও বলেন, “প্রথমে তাকে (তারেক রহমান) দেশে ফেরার ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে।”

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকা যে অনুরোধ পাঠিয়েছে, তাতে এখনো কোনো অগ্রগতি হয়নি। তবে এ নিয়ে দ্বিতীয় কোনো অনুরোধও পাঠানো হয়নি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য তার কাছে নেই। বিষয়টি নির্বাচন কমিশন তত্ত্বাবধান করছে বলে জানান তিনি।