স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ঢাকা | ৪ নভেম্বর ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বেলা সাড়ে ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে আইনশৃঙ্খলা বাহিনী ১১টি অস্ত্র উদ্ধার করেছে এবং কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
পুলিশ কমিশন বিষয়ে তিনি বলেন,
“পুলিশ কমিশন গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এটি গঠিত হলে কমিশনের সুযোগ-সুবিধা বিস্তারিত জানানো হবে।”
বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্ত নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান,
“বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ৪-৫টি দেশে চিঠি দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি দেশের বিশেষজ্ঞরা এসে তদন্ত করেছে। দেশীয় টিমও তদন্ত করছে। তদন্ত শেষ হলে রিপোর্ট প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন,
“বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে অস্ত্র বা হাতিয়ার চুরি হয়েছে কিনা—এটি তদন্ত শেষে জানা যাবে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। কেউ নির্বাচনে পক্ষপাতিত্ব করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
বিগত সরকারের সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের অধিকাংশকেই পরিবর্তন করা হবে।”
এছাড়া তিনি আরও জানান,
“যেসব ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তা ৫ আগস্টের পর পালিয়ে গেছে, তারা এখন অপরাধী হিসেবে গণ্য হবে। তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন।”





