স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বগুড়াসহ দেশের সাত জেলায় ই-বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বগুড়া জেলা ও দায়েরা জজ আদালত প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে ভিন্নমতের মানুষকে বিনা বিচারে শাস্তি দেওয়া হয়েছে এবং আইনের শাসনের অপব্যবহার করে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায়বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেল বন্ড কার্যক্রম চালু করা হবে। এই পদ্ধতি চালু হলে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এতে বিচারপ্রার্থীদের অযথা হয়রানি ও দুর্ভোগ কমবে বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এমন একটি বিচারব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সাধারণ মানুষ—সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত হবে। আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
এর আগে সকাল ১১টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।





