বগুড়া গাবতলীতে ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারীপ্রধান পরিবারকে মাসিক সহায়তা; সামাজিক সুরক্ষায় নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বগুড়া: প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এ সময় দাঁড়িয়ে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এতে অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং উপস্থিত সমর্থকরাও।

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে গত ১০ মার্চ ঢাকায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন সরকারপ্রধান।

পরীক্ষামূলকভাবে আগামী জুনের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে এ কার্ড বিতরণ করা হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে।

পরিবারের মা বা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে। ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।