স্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশে চলমান অস্থিতিশীলতা, নির্বাচন প্রক্রিয়া ধ্বংস এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এক রাজনৈতিক সমাবেশে তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, যারা সন্ত্রাস, ভোটচুরি ও বিশৃঙ্খলার মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করতে চায় এবং যারা হাদি হত্যার সঙ্গে জড়িত—তারা জাতির শত্রু। এসব অপশক্তিকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারে যারা বিশ্বাস করে না এবং যারা অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—তাদের বিষয়ে জাতিকে সচেতন হতে হবে। ক্ষমতা ও গদির লোভে যারা দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছে, তারা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, একটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন কখনোই গণতন্ত্র রক্ষা করতে পারে না। যোগ্য মানুষের অভাব নেই, কিন্তু শহীদ হাদি আর ফিরে আসবে না—এই দায় রাষ্ট্রকেই নিতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়, টেলিভিশন টকশো ও সাংস্কৃতিক অঙ্গনে যারা ফ্যাসিবাদের বৈধতা তৈরি করছে এবং হত্যাকে ন্যায্যতা দিচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। মানবাধিকারের কথা বলে যারা জুলুমের পক্ষে দাঁড়ায়, তারা প্রকৃত মানবাধিকারে বিশ্বাসী নয়।
সমাবেশে তিনি ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষিত এক দফা দাবির কথা স্মরণ করে বলেন, সেই দিনের মতো আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। আপস নয়, রাজপথের সংগ্রামের মধ্য দিয়েই নতুন রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ সম্ভব বলে তিনি জোর দেন।
শেষে তিনি বলেন, “ঢাকা হবে আমাদের কেন্দ্র, দিল্লি নয়। আমরা সবাই হাদি হব—যুগে যুগে সংগ্রামে লড়ে যাব।”





