বাংলাদেশের শ্রমিকদের বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে: বাণিজ্যমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে

স্টাফ রিপোর্টার, ০৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

ঢাকা, মঙ্গলবার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে রয়েছে। আজ ঢাকায় সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৯৪তম ও আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিটিসি) এর ২২তম সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতকে কেন্দ্র করে শ্রমিকদের একটি অংশ ফরমাল সেক্টরে থাকলেও সামগ্রিক শ্রমশক্তির বড় অংশ অনানুষ্ঠানিক। দেশকে টেকসই ও ভারসাম্যপূর্ণ অবস্থানে নিতে হলে সব খাতকে ধীরে ধীরে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা জরুরি।

তিনি আরও জানান, নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকার বিকল্প ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রস্তুতিমূলক কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে। প্রতি পরিবারে একটি করে কার্ড প্রদান করা হবে এবং মাসে ২,৫০০ টাকা মূল্যের সহায়তা দেওয়া হবে। এর ফলে নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে আর্থিক স্থিতিশীলতা কিছুটা হলেও নিশ্চিত হবে।

মন্ত্রী বলেন, সরাসরি রেশন ব্যবস্থা না হলেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে রেশনের উদ্দেশ্য অনেকটাই পূরণ হবে। এছাড়া টিটিসি মিটিং নিয়মিত আয়োজনের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, শ্রম খাতের নানাবিধ সমস্যা সমাধানে নিয়মিত আলোচনা ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খন্দকার মুক্তাদির বলেন, তর্ক-বিতর্ক বা উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে, যা গণতান্ত্রিক আলোচনার স্বাভাবিক অংশ। পারস্পরিক সংলাপের মাধ্যমে সমস্যার টেকসই সমাধান সম্ভব। শ্রম খাতকে ফরমালাইজ করা না গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স নিশ্চিত করা সম্ভব হবে না এবং শ্রমিকদের প্রাপ্য সুবিধাও পুরোপুরি নিশ্চিত হবে না।

সভায় শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, টিটিসির সহসভাপতি ও শ্রমিক পক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসন, আসন্ন ঈদ-উল-ফিতরের জন্য কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।