বাগেরহাটে কুমিরের আক্রমণে আহত জেলে সাইফুলকে বন বিভাগের ১ লক্ষ টাকার চেক প্রদান

বন্যপ্রাণী ক্ষতিপূরণ বিধিমালা-২০২১ অনুযায়ী আর্থিক সহায়তা পেলেন পুর্ব সুন্দরবনের জেলে

Posted by:

on

বাগেরহাট, ৬ অক্টোবর ২০২৫: পূর্ব সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলে সাইফুল জমাদ্দারকে বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।

আজ (সোমবার) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ক্ষতিগ্রস্ত জেলে সাইফুল জমাদ্দারকে একাউন্ট পেয়ী চেকটি হস্তান্তর করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলার মোংলা উপজেলার জয়মনি গ্রামের গোলাম মোস্তফার পুত্র সাইফুল জমাদ্দার ২০২৪ সালের ৭ অক্টোবর পশুর নদীতে কাঁকড়া ধরার সময় কুমিরের আক্রমণে গুরুতর আহত হন। সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ বিধিমালা ২০২১ অনুযায়ী ক্ষতিপূরণের এক লক্ষ টাকার চেক অফিসিয়াল আওয়ারে জেলে সাইফুল জমাদ্দারকে হস্তান্তর করা হয়েছে।”