বাগেরহাট, ১৪ অক্টোবর ২০২৫: বিশেষ প্রতিনিধি আজাদ রুহুল আমিন, নিউজ চ্যানেল বিডি
বাগেরহাটের পচা দিঘী থেকে শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিঘী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডি মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে তিনি আর ফেরেননি।
অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে স্থানীয়রা পচা দিঘীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মাহমুদ উল হাসান বলেন, “মরদেহে আপাতত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”





