বিএনপিতে যোগ দিলেন সাবেক এনডিএম মহাসচিব মোমিনুল আমিন

প্রাথমিক সদস্যপদ পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার, ২৩ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এনডিএম থেকে পদত্যাগ করা দলটির সাবেক মহাসচিব মোমিনুল আমিন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ পূরণের মাধ্যমে এই যোগদান সম্পন্ন করেন তিনি।

যোগদানের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোমিনুল আমিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে তাঁর হাতে গড়া রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করলাম। ছোটবেলা থেকেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ এবং দূরদর্শী রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছি। তাঁর সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের সহযাত্রী হতে আজ থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম।”

তিনি আরও জানান, দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার সূত্র ধরে বিএনপির গবেষণা উইংয়ের কৌশলগত দায়িত্ব পালন করতে পারেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে এনডিএম-এর আনুষ্ঠানিক অংশগ্রহণের পেছনে মূখ্য ভূমিকায় ছিলেন দলটির সাবেক মহাসচিব মোমিনুল আমিন। দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন তিনি।

গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির অবস্থানের পক্ষে সরব ভূমিকা পালন করে প্রশংসিত হয়েছিলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোমিনুল আমিনের এই যোগদান বিএনপির সাংগঠনিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারে।