বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ঢাকা | ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার:বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর…

Posted by:

on

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ঢাকা | ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার:
বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিএনপি আবার জনগণের দল হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস রেখে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের প্রতিফলন ঘটাতে হবে জনগণের মাঝে। জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যা জানতে হবে এবং আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বুঝাতে হবে—স্বৈরাচার আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়।”

তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে কথা বলার সময় আমাদের আচরণ হতে হবে নমনীয়। এমন কোনো আচরণ করা যাবে না যাতে মানুষের মনে কষ্ট, ভয় বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পতিত আওয়ামী লীগ গত ১৭ বছর ভয়ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি কখনোই জনগণের ওপর প্রভাব বিস্তারের রাজনীতি করে না, করবেও না ইনশাল্লাহ।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীর প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ মনে করে আওয়ামী লীগ ও বিএনপি এক।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের মাটি ও মানুষের নেতা এস এম জাহাঙ্গীর হোসেন আহবায়ক কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।