মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

রূপনগরের শিয়ালবাড়িতে ‘কসমিক ফার্মা’ ভবনে আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট, আরও লাশ পাওয়ার আশঙ্কা

ছবি : সংগৃহীত ভিডিও খেকে নেয়া

Posted by:

on

নিউজ চ্যানেল বিডি | ঢাকা, মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫):
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে অবস্থিত ‘কসমিক ফার্মা’ নামের একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪টা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন,

“ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখেছেন। কেমিকেল গোডাউনে নাকি গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি। তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে। অপারেশন কমপ্লিটের পর বিস্তারিত জানা যাবে।”

ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। কেমিক্যাল মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় দগ্ধ ও অসুস্থ আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।