আজাদ রুহুল আমিন বিশেষ প্রতিনিধি | ২৪ অক্টোবর ২০২৫, বাগেরহাট | নিউজ চ্যানেল বিডি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বাগেরহাটের মোংলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দিগরাজে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
সভাপতিত্ব করেন রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, পরিচালনা করেন মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মো. এমরান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ (কমান্ডার), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম শেখ, এবং পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন মোংলা উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় মজুমদার, এবং কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য এস এম নাসির উদ্দিন।
প্রধান অতিথি কৃষিবিদ শামীম তার বক্তৃতায় বলেন—
“বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র বন্দী, বিচার ব্যাহত, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, তা কেবল একটি ইশতেহার নয়—এটি একটি নতুন বাংলাদেশের নকশা। এই ৩১ দফার প্রতিটি শব্দে নিহিত আছে মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার।”
সভা শেষে দলের নেতাকর্মীরা “৩১ দফা বাস্তবায়ন, রাষ্ট্র মেরামত ও গণতন্ত্র পুনরুদ্ধার” স্লোগানে মোংলা শহর মুখর করে তোলে।





