শব্দদূষণ কমাতে অকারণে হর্ন বাজানো বন্ধ করার আহ্বান

বিমানবন্দর এলাকায় ‘ঘোষিত নীরব এলাকা’ কার্যক্রমে জনগণকে সচেতন করতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, ২৫ জানুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, “অকারণে হর্ন বাজানো একটি বদভ্যাস যা পরিবর্তন করা আবশ্যক। শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, এটি আমাদের সবার দায়িত্ব।”

আজ বিমানবন্দর এলাকায় ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ, ডিএনসিসি ও সিভিল এভিয়েশনের সমন্বিত অভিযানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা বলেন, প্রাথমিকভাবে হর্ন ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে এবং কোন অজুহাতেই হর্ন বাজানো যাবে না। তিনি আরও জানান, ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’ প্রণয়ন করা হয়েছে এবং পুলিশকে এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। ট্রাফিক পুলিশ কয়েকজন তরুণকে প্রশিক্ষণ দিয়েছে, যারা এখন অফিসিয়ালি ট্রাফিক পুলিশের অংশ হিসেবে হর্নমুক্ত এলাকা কার্যক্রমে সহায়তা করতে পারবে।

তিনি জানান, উচ্চশব্দের কারণে ঢাকা শহরের ৬৫ ভাগ ড্রাইভার কানে কম শুনতে পান। শিশুদের জন্য হর্নের আওয়াজ বিশেষভাবে অস্বস্তিকর। তিনি গণমাধ্যমকর্মীদেরও সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।

ড. ফারহিনা আহমেদ বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে তৈরি বিধিমালা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিএনসিসি-র প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তা।