শেরপুরে সহিংসতায় জামায়াত কর্মীর মৃত্যু: গভীর উদ্বেগ অন্তর্বর্তীকালীন সরকারের

সহিংসতা অগ্রহণযোগ্য, সব রাজনৈতিক দলের প্রতি সংযম ও দায়িত্বশীলতার আহ্বান

স্টাফ রিপোর্টার, ২৯ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।

বৃহস্পতিবার সকালে দেওয়া এক বিবৃতিতে সরকার জানায়, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে। এই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং সমর্থকদের মধ্যে সর্বোচ্চ সংযম নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণহানির কোনো স্থান নেই। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই সবার দায়িত্ব।

সরকার আরও জানায়, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিবৃতিতে সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্তদের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয়।