সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট অফিসে বাধ্যতামূলক উপস্থিতি, পরিপত্র জারি

জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতে নতুন নির্দেশনা; কিছু ক্ষেত্রে থাকছে শিথিলতা

স্টাফ রিপোর্টার, ০৪ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। যেমন সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়া। এর ফলে তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না।

এই প্রেক্ষাপটে জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে দাপ্তরিক অন্যান্য কর্মসূচিও এমনভাবে নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে এই সময়সূচি বিঘ্নিত না হয়।

পরিপত্রে আরও জানানো হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে আসা ও প্রস্থান করা বাধ্যতামূলক।

যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয়

তবে কিছু ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে না। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই, তারা এ নিয়মের বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ সময়সীমা প্রযোজ্য হবে না।

জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফর ছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করা যাবে না।

দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন সময়ে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।