সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সন্ত্রাসীদের এদেশে কোনো…

ফাইল ছবি

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সন্ত্রাসীদের এদেশে কোনো স্থান নেই।

তিনি বলেন, নৌডাকাত নয়ন ও পিয়াস পাশ্ববর্তী দেশে চলে গেছে। তারা ফিরে এলে তাদের স্থান হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।

আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অস্থায়ী ক্যাম্প স্থায়ী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ফাইল ইতোমধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং নদী পথসহ এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হচ্ছে।

আলুর বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাষীরা যাতে ন্যায্য দাম পান, এজন্য হিমাগারের আলুর দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। হিমাগার থেকে আলু বের হচ্ছে না, ফলে খুচরা বাজার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তবে শিগগির দাম কমে আসবে। প্রয়োজনে সরকারিভাবে ৫০ হাজার টনের বেশি আলু ক্রয় করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।