আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি,
বাগেরহাট, ১৪ অক্টোবর ২০২৫:
খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিউজ চ্যানেলবিডি কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সুন্দরবনের ছোটন বাহিনী রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনীর কন্টিনজেন্ট কয়রা যৌথভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করে একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায় — সে খুলনার কয়রা থানার বাসিন্দা সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১)। তিনি দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র ও রসদ সরবরাহসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





