বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত“

” নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার” প্রতিপাদ্যে সার্বজনীন উদযাপনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, ২৯ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রবিবার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট নেতাই রায় চৌধুরী।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার জন্য প্রাথমিক কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার”।

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কর্মসূচি আয়োজন করবে শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। এসব কর্মসূচিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-কে সম্পৃক্ত করা হবে।

সভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক কাওসার হাসান টগর, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ছায়ানট প্রতিনিধি; বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন; ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব নজরুল ইসলাম; ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবান প্রতিনিধি; ললিত কলা একাডেমি প্রতিনিধি; বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল; জাসাস সভাপতি জনাব হেলাল খান এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য জনাব শায়রুল কবির খান।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রায় ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন জেলা ও অধিদপ্তরের প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।

সভা পরিচালনা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মফিদুর রহমান।