✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

সংঘাতের পরিবর্তে সহযোগিতা, ভয়ের পরিবর্তে সংহতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ দিবসে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ আন্তোনিও গুতেরেসের

স্টাফ রিপোর্টার, ২৪ অক্টোবর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জাতিসংঘ দিবস উপলক্ষে বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, মানবতার ভবিষ্যৎ নির্ভর করছে অভিন্ন লক্ষ্য অর্জনে দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার ওপর। জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পূর্তিতে সংস্থাটির প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ নতুন করে ধারণ করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় মহাসচিব এসব কথা বলেন।

বার্তায় আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ দিবস শুধু একটি আন্তর্জাতিক সংস্থাকে উদ্‌যাপনের দিন নয়, বরং এমন একটি আদর্শকে স্মরণ করার দিন, যার ভিত্তি হলো শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা।

তিনি বলেন, গত ৮১ বছর ধরে জাতিসংঘ কূটনীতি ও আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, মানবাধিকার সুরক্ষা এবং যুদ্ধ, দুর্যোগ ও বাস্তুচ্যুতির শিকার মানুষের কাছে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে।

পরিবহন, বাণিজ্য ও প্রযুক্তির উন্নয়ন, মানুষ ও পৃথিবীর স্বাস্থ্য সুরক্ষা, নারী ও মেয়েশিশুদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং বিশ্বমঞ্চে সব দেশের সমান কণ্ঠস্বর নিশ্চিত করার ক্ষেত্রেও জাতিসংঘের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, বর্তমান বিশ্ব সংঘাত, জলবায়ু সংকট ও ক্রমবর্ধমান বৈষম্যে বিপর্যস্ত। একই সঙ্গে প্রযুক্তির দ্রুত অগ্রগতি এমন চ্যালেঞ্জ তৈরি করছে, যার সঙ্গে তাল মিলিয়ে সেগুলো কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা গড়ে তোলা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

বার্তায় তিনি জাতিসংঘ প্রতিষ্ঠার মূল মূল্যবোধগুলো পুনর্ব্যক্ত করে বলেন, বিভেদের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং ভয়ের পরিবর্তে সংহতিকে প্রাধান্য দিতে হবে।

আন্তোনিও গুতেরেস সব দেশের প্রতি এসব অভিন্ন মূল্যবোধ এবং সংশ্লিষ্ট দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার নতুন করে নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বার্তার শেষাংশে জাতিসংঘকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।