জ্বালানি তেল সরবরাহের ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের একটি ঘটনা মন্ত্রণালয়ের নজরে আসে। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নির্দেশে ওই বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) আব্দুর রহিম এবং উপপরিচালক ওবায়দুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে এ ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।





