আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ছুরিকাঘাতে হত্যার আশঙ্কা—সন্দেহভাজন দুজন শনাক্ত, এক নারী আটক

Posted by:

on

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (নিউজ চ্যানেল বিডি):
রাজধানীর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম জুবায়েদ হোসাইন। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লায়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার সন্ধ্যার দিকে আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাড়ির সিঁড়িতে জুবায়েদের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
তিনি বলেন, “জুবায়েদ ওই বাড়িতে টিউশনি করাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তদন্তে বেরিয়ে আসবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির তিনতলার সিঁড়িতে মরদেহটি পড়ে ছিল। প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “মৃত্যুর খবর শুনেছি, তবে এখনও কারণ জানা যায়নি। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পুলিশকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে বলেছি, আমি ঘটনাস্থলে যাচ্ছি।”


সন্দেহভাজন দুজন শনাক্ত

জুবায়েদ হত্যার ঘটনায় দুজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী রোববার রাতে বলেন, “প্রাথমিকভাবে আমরা দুজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

তিনি আরও বলেন, “ধারণা করছি, তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শিগগিরই ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে।”

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকা থেকে কালো টি-শার্ট ও কালো ব্যাগপিঠে দুই যুবককে দৌড়ে পালাতে দেখা যায়। পুলিশের ধারণা, তারাই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

রাতেই ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।