স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
২০১১ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গুম হওয়া ছাত্রদল নেতা নুর হোসেন হিরুর মেয়ে নাবিলা নুর এ বছরের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
তার এই অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পিতৃহীন নাবিলা নুর ভালো ফলাফল করে। খবরটি জানার পর তারেক রহমান ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।
তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার নাবিলা নুরের বাসায় সংগঠনের প্রতিনিধি দল পাঠানো হয়। দলে ছিলেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক রহমানের পক্ষ থেকে তারা শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী নাবিলা নুরের হাতে তুলে দেন।
উল্লেখ্য, নুর হোসেন হিরু ২০১১ সালের ২০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ঢাকার বৃহত্তর উত্তরা থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।





