স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলীয় অবস্থান তুলে ধরেন।
রিজভী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সর্বাক্ষণিক তাঁর চিকিৎসায় নিয়োজিত আছেন।” তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে—খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়নি, তবে উল্লেখযোগ্য উন্নতিও দেখা যায়নি।
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন। তাঁর সুস্থতা কোটি মানুষের প্রত্যাশা। সারা দেশের জাতীয়তাবাদী শক্তি, বিএনপির সব নেতাকর্মীর পক্ষ থেকেই একই দোয়া রয়েছে—আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”
২৩ নভেম্বর রাতে ফুসফুসে সংক্রমণের কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে তাঁর অবস্থা ‘সংকটাময়’ বলে উল্লেখ করেছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শনিবার রাতে জানান, “২৭, ২৮ ও ২৯ নভেম্বর তাঁর শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন—এটাই এখন ইতিবাচক দিক।”
সংবাদ সম্মেলনে রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক তাঁর মায়ের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, “তারেক রহমান প্রতি মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক কিংবা লন্ডন ক্লিনিক—উভয় জায়গার চিকিৎসকদের সঙ্গে তাঁর যোগাযোগ চলছে।”
তিনি আরও বলেন, “উনার যে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটছে—আমি বলতে পারি, তিনি আদৌ ঘুমাতে পারছেন কি না সন্দেহ রয়েছে।”
এছাড়া এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আসাদুল করীম শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





