ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার):
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ সকালে টহল দল কর্তৃক ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালানোর সময় ১৫-২০ জনের একটি সশস্ত্র গ্রুপ সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় ঘটে।

পরবর্তীতে সেনাবাহিনী এলাকায় বিস্তারিত তল্লাশি চালিয়ে একটি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট এবং ইউনিফর্মসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করে। তবে দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলটি পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।





