খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

সিসিইউতে পূর্বের মতোই চলছে খালেদা জিয়ার চিকিৎসা, গুজব ও বিভ্রান্তি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো ব্যক্তি বা পক্ষের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, এর বাইরে নতুন কোনো আপডেট নেই।
সোমবার দুপুরে মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজভী। এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারাদেশের মানুষের হৃদয়ের নেত্রী। পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক—সবাই তার সুস্থতার জন্য দোয়া করছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে ঘিরে গোটা জাতি আজ এক বেদনাবিধুর অবস্থার মধ্যে রয়েছে।
রিজভী বলেন, বন্দি অবস্থায় নিজের সন্তান হারিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি অনেক নিপীড়ন-নির্যাতন সহ্য করেছেন, তবুও তাকে নিজের দেশ থেকে সরানো যায়নি। তার বিরুদ্ধে বহু চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে, বছরের পর বছর তাকে জেলখানার এক ভগ্নস্তূপের মতো স্থানে রাখা হয়েছে, তারপরও তাকে এই দেশ ও মাটি থেকে সরানো সম্ভব হয়নি। আজও সারা জাতি তার জন্য দোয়া করছে।
বিএনপির এই নেতা আরও বলেন, তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। “আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ তাকে খুব দ্রুত আরোগ্য দান করুন, সুস্থ করে তুলুন এবং আবারও এ দেশের মানুষের কাছে, জনগণের কাছে তাকে ফিরিয়ে দিন,” যোগ করেন তিনি।
ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে রিজভী বলেন, “তিনি বর্তমানে সিসিইউতে আছেন। পূর্বে যে চিকিৎসা দেওয়া হচ্ছিল, গতকাল ও গত পরশুও যেমন ছিল, আজও তেমনভাবেই সেই চিকিৎসা চলছে। এর বাইরে আর কোনো নতুন আপডেট নেই। অন্য যে যা-ই বলুক, এতে কেউ যেন বিভ্রান্ত না হয়।” তিনি বলেন, বেগম জিয়া এখনও খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গতকাল বা গত পরশুর মতোই আজও তিনি একই অবস্থায় আছেন। নানা ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে—এতে কেউ যেন কান না দেয়।
দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাদকায়ে জারিয়া হিসেবে দুটি ছাগল জবাই করে গরীব-দুঃস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান শামীম, ডা. জাহিদুল কবির, সাংবাদিক রাশেদুল হক, ওমর ফারুক কায়সার, ডা. আউয়াল, জাকির হোসেন ও রাজু আহমেদ উপস্থিত ছিলেন।