গুলি করে ও পায়ের রগ কেটে বহিষ্কৃত যুবদল নেতাকে হত্যা

ছবি : সংগ্রহীত

খুলনায় গুলি ও পায়ের রগ কেটে এক বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার (১১ জুলাই, ২০২৫) দুপুরে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় তার নিজ বাড়ির সামনে ঘটে।
জানা গেছে, নিহত মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন, তবে সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দুপুরবেলা তিনি যখন তার প্রাইভেটকার পরিষ্কার করছিলেন, তখন একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং নিহত মাহবুবুর রহমানের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় দা হাতে মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যার পরেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।