স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে সেখানে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।
বৈরি আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখে ঈদের প্রধান জামাতের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে প্রধান জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও জানান, ঈদগাহ ময়দানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত স্থান থাকবে। পাশাপাশি মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।





