জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপের বৈঠক

সংসদকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে ঐক্যমতের ভিত্তিতে কাজের ওপর গুরুত্ব


স্টাফ রিপোর্টার, ১০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। দলের অন্য সদস্যরা হলেন—মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।

সাক্ষাতে উভয়পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে হওয়া এই বৈঠক সংসদকে আরও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।