স্টাফ রিপোর্টার, ২৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারপ্রতি প্রায় ৯০ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি বৃদ্ধি পেয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৯০ টাকার সমান।
অন্যদিকে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার, আমদানি ব্যয় ও প্ল্যাটস রেট বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মার্চ মাসেই এটি দ্বিতীয়বার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো। এর আগে ৮ মার্চ লিটারপ্রতি ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানো হয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, জেট ফুয়েলের দাম বাড়ায় এয়ারলাইনগুলোর পরিচালন ব্যয় বেড়ে যাবে। ফলে শিগগিরই বিমান ভাড়া বাড়তে পারে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের যাত্রীদের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।





