স্টাফ রিপোর্টার, ২৪ নভেম্বর, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর ঢাকা-৬ ও ৭ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট চলছে। এ সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে গিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজের সাথে সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে ইশরাক হোসেন জানান, ওয়ারী, সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, চকবাজার ও কোতোয়ালি এলাকাসহ পুরান ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে গ্যাসের অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, ভুক্তভোগী এলাকাবাসীর সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে এর আগে তিনি সাবেক ওয়ার্ড কমিশনার ও কাউন্সিলরদের সাথে বৈঠক করেছেন।
গ্যাস সংকট সমাধানে তিতাসের এমডি আশ্বাস দিয়েছেন বলে জানান ইশরাক। তার ভাষায়, “এমডি মহোদয় জানিয়েছেন সমস্যাটি তাদের নজরে এসেছে এবং দ্রুতই তাদের টেকনিক্যাল টিম সরেজমিনে এলাকাগুলো পরিদর্শন করবে।”
অন্যদিকে, গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত বছরের তুলনায় এবছর জাতীয় গ্রিডে গ্যাস উৎপাদন কমেছে। আগে যেখানে ২৯০০ ইউনিট উৎপাদন হতো, এখন তা ২৭০০ ইউনিটে নেমে এসেছে। তবে সংকট মোকাবিলায় তাদের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।





