স্টাফ রিপোর্টার, ২৫ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এ ঘটনায় ৫ থেকে ৭ জন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হলেও বাকিদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতোমধ্যে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়া এবং এখনও পর্যন্ত অধিকাংশ যাত্রীর কোনো হদিস না পাওয়া দেশব্যাপী জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে এ ধরনের জীবনহানির ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনার বিষয়ে পূর্ব থেকেই সজাগ ও সতর্ক থাকলে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি এড়ানো যেত।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি।





