নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে: ডা. তাহেরবিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতার

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ঢাকা, ২ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা….

ফাইল ফটো

Posted by:

on

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ঢাকা, ২ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই জুলাই সনদের আদেশের উপর গণভোট দিতে হবে। দেশবাসী গণভোটের ব্যাপারে একমত, তবে যারা নির্বাচনের দিনেই গণভোটের দাবি করছে তা সম্পূর্ণ অবাস্তব।

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের অভিযোগ করেন, একটি মহল বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি বলেন, “আমরা এ পরিস্থিতির অবসান চাই। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হোক, তা আমরা অবশ্যই চাই, তবে তার আগে গণভোটের আয়োজন করতে হবে।”

তিনি বলেন, ড. ইউনূস সরকার জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে। “তার সততা, যোগ্যতা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। কিন্তু বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লোটার চেষ্টা করছে,”—যোগ করেন তিনি।

ডা. তাহের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো মহলের ফাঁদে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। পাশাপাশি তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, “সকলেই ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার টেবিলে বসলে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।”

জামায়াত নেতা আরও বলেন, গণভোটে তিন হাজার কোটি টাকা খরচ হলেও তা জাতীয় প্রয়োজনের তুলনায় কিছুই নয়। “ফ্যাসিবাদীরা দেশের যে টাকা বিদেশে পাচার করেছে, তা দিয়েই এক হাজার গণভোট করা সম্ভব,”—মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে ডা. তাহের বলেন, “দুনিয়ার কোনো দেশেই নোট অব ডিসেন্টের ওপর গণভোট হয়নি। বিএনপি নিজেদের সংস্কারের পিতা দাবি করলেও বাস্তবে সবসময়ই সংস্কারের বিরোধিতা করেছে।”

তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী কখনো মিথ্যা বক্তব্য দেয় না। বিএনপির মহাসচিব জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এখন মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। “আমাদের বক্তব্য স্পষ্ট—জামায়াত কখনো বলেনি যে, তারা সংস্কার, জুলাই সনদ বা গণভোটের বিরোধিতা করে,”—বলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।