গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার এবং জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের যৌথ বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে নির্বাচন, সংবিধান সংস্কার ও সংসদে নারীর আসনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
জোনায়েদ সাকি বলেন, “সংস্কার বিষয়ে দ্রুত ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে হবে এবং তা বাস্তবায়ন নিয়েও একমত হতে হবে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, “সংস্কার নিয়ে গণসংহতি আন্দোলনের সাথে আমাদের অনেক বিষয়ে মিল রয়েছে। কিছু বিষয়ে মতভেদ থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।”
তিনি বলেন, “আমরা গণপরিষদ নির্বাচনের পক্ষে, যদিও গণসংহতির ভিন্ন প্রস্তাব রয়েছে। তবে সংবিধান সংস্কার টেকসই করতে হলে জনগণের ম্যান্ডেট অপরিহার্য—এ বিষয়ে উভয় দলই একমত।”
নাহিদ ইসলাম আরও জানান, “এ ধরনের বৈঠক রাজনৈতিক জোট নয়, বরং সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তি গঠনের লক্ষ্যেই করা হচ্ছে।”





