স্টাফ রিপোর্টার | ১৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
নির্বাচনের সামগ্রিক ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, শুরু থেকেই স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো সেই অবস্থানেই অটল রয়েছে। তিনি সামগ্রিক ফলাফল মেনে নিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর কথাও উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বিগত মাসগুলোতে দলীয় স্বেচ্ছাসেবক ও নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও লেখেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রক্রিয়ায় অনেকেই ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের অবদান গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।





